বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
স্বাস্থ্য বিভাগ সামান্য হামের চিকিৎসাও দিতে পারছে না! টিকা না দেয়াই কি সব কিছু? টিকা দেয়া হয়নি মানলাম। তাই বলে কি চিকিৎসা হবে না? স্বাস্থ্য বিভাগের ব্যর্থতা ঢাকতে টিকা না দেয়ার অজুহাত দাঁড় করানো হচ্ছে না তো— এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মোঃ ইয়ারুল ইসলাম।
তিনি বলেন, দেশে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা, দুর্নীতি ও জবাবদিহিতার অভাবের কারণেই সাধারণ মানুষ আজ ন্যূনতম চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত হচ্ছে। হামের মতো বহু পুরনো ও পরিচিত রোগে আক্রান্ত শিশুরাও যথাযথ চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঝুঁকিতে পড়ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব বলেন, “স্বাস্থ্য বিভাগ এখন সব ব্যর্থতার দায় টিকা না নেয়া মানুষের উপর চাপিয়ে দিচ্ছে। টিকা গুরুত্বপূর্ণ, কিন্তু চিকিৎসা ব্যবস্থার দায়িত্ব কি তাহলে শেষ? একজন শিশু হাম আক্রান্ত হলে তাকে চিকিৎসা দিতে হবে, পুষ্টি দিতে হবে, প্রয়োজনীয় ওষুধ ও সেবা নিশ্চিত করতে হবে।শুধুমাত্র টিকা না দেয়ার কথা বলে দায় এড়ানো যায় না।”
তিনি অভিযোগ করেন, বছরের পর বছর স্বাস্থ্য খাতে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হলেও হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, ওষুধ ও দক্ষ জনবল সংকট রয়েই গেছে।
জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার দুর্বলতার কারণেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে বলেও মন্তব্য করেন তিনি।
ইয়ারুল ইসলাম আরও বলেন, “স্বাস্থ্যখাতকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করতে না পারলে ভবিষ্যতে আরও বড় জনস্বাস্থ্য সংকট তৈরি হবে। জনগণের জীবন নিয়ে অবহেলা বন্ধ করতে হবে।”
তিনি অবিলম্বে দেশের হাসপাতালগুলোতে হামের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, আক্রান্ত শিশুদের জন্য বিশেষ মেডিকেল টিম গঠন এবং স্বাস্থ্যখাতের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠনের দাবি জানান। সাম্প্রতিক বিভিন্ন গবেষণা ও পরিস্থিতি বিশ্লেষণেও বাংলাদেশে হামের সংক্রমণ ও টিকাদান ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।