বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:১০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার বিখ্যাত আম আগাম পাড়ার অনুমতি দেওয়ায় ক্রেতারা প্রতারিত হচ্ছেন এবং জেলার আমের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সাতক্ষীরার সন্তান বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম।
জানা গেছে, চলতি বছর ৫ মে থেকে প্রশাসনের পক্ষ থেকে সাতক্ষীরায় আম পাড়ার অনুমতি দেওয়া হয়। তবে অনেকের অভিযোগ, বাজারে আগাম বেশি মূল্য পাওয়ার আশায় কিছু অসাধু ব্যবসায়ী ও সংশ্লিষ্ট পক্ষ প্রশাসনকে প্রভাবিত করে নির্ধারিত সময়ের প্রায় দুই সপ্তাহ আগেই আম পাড়ার অনুমতি আদায় করেছে।
সম্প্রতি সাতক্ষীরা থেকে পাঠানো আম খেয়ে এ্যাডঃ ইয়ারুল ইসলাম জানান, “এ বছর আজ প্রথম সাতক্ষীরার আম খেলাম। তিন দিন আগে সাতক্ষীরা থেকে এই আম পাঠানো হয়েছে। আম খেয়ে বুঝলাম, এই আম এখনো পুরোপুরি পরিপক্ব হয়নি। আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগবে আম পরিপক্ব হতে।”
তিনি বলেন, অপরিপক্ব আম বাজারজাত করার কারণে ক্রেতারা যেমন হতাশ হচ্ছেন, তেমনি দেশের অন্যতম সুস্বাদু ও জনপ্রিয় সাতক্ষীরার আমের সুনামও নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছর আমের মৌসুম শুরুর আগে প্রশাসন নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেয়। কিন্তু সময়ের আগেই আম বাজারে আসায় অনেক ক্ষেত্রেই স্বাদ ও গুণগত মান নিয়ে প্রশ্ন উঠছে।
সচেতন মহল মনে করছে, শুধুমাত্র অল্প সময়ের বেশি লাভের আশায় অপরিপক্ব আম বাজারজাত করা হলে দীর্ঘমেয়াদে সাতক্ষীরার আমের বাজার ক্ষতিগ্রস্ত হবে।
এ্যাডঃ ইয়ারুল ইসলাম প্রশাসনের প্রতি বৈজ্ঞানিকভাবে আমের পরিপক্বতা যাচাই করে সময় নির্ধারণ এবং কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “সাতক্ষীরার আমের ঐতিহ্য ও সুনাম রক্ষায় অপরিপক্ব আম বাজারজাত বন্ধ করতে হবে।”
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।