সোমবার, ০৪ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর মন্ডল মার্কেট সংলগ্ন একটি খালকে কেন্দ্র করে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, খালের ভেতরে পাকা স্থাপনা নির্মাণের কারণে এর স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হচ্ছে এবং পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, খালের একটি অংশ দখল করে স্থায়ী অবকাঠামো নির্মাণের কাজ চলছিল। এলাকাবাসীর দাবি, অনিমেষ বিশ্বাস নামের এক পশু চিকিৎসক সাবেক মেম্বার বাবুল বিশ্বাসের প্রভাব খাটিয়ে খালের ভেতরেই এ নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিলেন।
স্থানীয়রা জানান, খালটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের জীবিকা ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন এবং মাছের প্রজননের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাব এবং সাম্প্রতিক দখল ও স্থাপনা নির্মাণের ফলে খালটির স্বাভাবিক গতিপ্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন,
“খালটি যদি এভাবে দখল হয়ে যায়, তাহলে সামনে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দেখা দেবে। পাশাপাশি মাছের প্রজননও ক্ষতিগ্রস্ত হবে, যা স্থানীয় জেলেদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াবে।”
এ বিষয়ে সাংবাদিকরা সহকারী তহসিলদার শাহারিয়ারকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে এসে নির্মাণকাজ বন্ধ করে দেন।
তবে অভিযুক্ত পক্ষের দাবি, “এটি আমার ক্রয়কৃত সম্পত্তি। তাই আমি সেখানে কাজ করছি।”
এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, খালটি দখলমুক্ত করে এর স্বাভাবিক পরিবেশ ও প্রবাহ ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।