মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
পবিত্র রমজান মাসজুড়ে কুরআনের শুদ্ধ তিলাওয়াত শেখার অনন্য আয়োজন শেষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শংকরসেনা এলাকার মোকামবাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে ক্বিরাত প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ধর্মীয় কুরআন তিলাওয়াতের সুমধুর ধ্বনি ও মুসল্লিদের উপস্থিতিতে বুধবার (২৬ রমজান) আয়োজিত এ অনুষ্ঠানটি হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলনমেলায়।
আল খলিল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ পরিচালিত এবং হাফেজে কুরআন মোকামবাড়ি যুব সংগঠনের উদ্যোগে পবিত্র রমজান মাসজুড়ে এ ক্বিরাত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াতের শুদ্ধতা, তাজবিদ ও সঠিক ক্বিরাত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্বারীদের মধ্য থেকে সেরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও প্রবাসী সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কুয়েত প্রবাসী কবির মিয়া, ফ্রান্স প্রবাসী শাহাবুদ্দিন মিয়া ও নিজাম মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলেম-উলামা, সমাজসেবক ও স্থানীয় মুসল্লিরা।
বক্তারা বলেন, নতুন প্রজন্মকে কুরআনের শুদ্ধ তিলাওয়াত শিক্ষা দেওয়া এবং ধর্মীয় শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও সমাজে কুরআন শিক্ষার প্রসারে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।