মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মানবিক এ উদ্যোগ নিয়েছে তিস্তা বাজার যুব উন্নয়ন সমিতি।
সোমবার (১৬ মার্চ) বিকেলে তিস্তা বাজার যুব উন্নয়ন সমিতির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে টেপাখরিবাড়ি ইউনিয়নের তিস্তা বাজার এলাকার নদীভাঙনকবলিত ৫২ জন অসহায় নারী ও পুরুষের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চিনি, সেমাই, মুড়ি ও দুধ। পাশাপাশি ঈদের আনন্দ আরও বাড়াতে উপকারভোগীদের মাঝে শাড়ি, লুঙ্গি ও সেলোয়ার-কামিজও প্রদান করা হয়।
আয়োজকরা জানান, তিস্তা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত অনেক পরিবারই কষ্টে জীবনযাপন করছে। ঈদকে সামনে রেখে তাদের মুখে সামান্য হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তারা।
তিস্তা বাজার যুব উন্নয়ন সমিতির সভাপতি মোজাম্মেল হক বলেন, “ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও আমরা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেপাখরিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন, টেপাখরিবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক ইয়াসিন আলী বসুনিয়া, জামায়াতের সাবেক ইউনিয়ন আমির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সাধারণ সম্পাদক আফছার আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম সরকার, তিস্তা বাজার যুব উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক রহিজ উদ্দিন এবং সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় উপকারভোগীরা এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ঈদের আগে এমন সহায়তা পেয়ে অনেক দরিদ্র পরিবারের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রাও এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
জামান মৃধা-০১৭৩০-৯৮৩৮৯৭
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।