বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। পরকীয়ার সম্পর্কের জেরে স্বামী নিজেই তার স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছেন। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বরাশুর গ্রামের বাসিন্দা আলম চৌধুরীর স্ত্রী রিনি বেগম (২৮), যিনি তিন সন্তানের জননী, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উদমারা গ্রামের জাহাঙ্গীর আলম (২৭)-এর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। জাহাঙ্গীর স্থানীয় বাসিন্দা হানিফের ছেলে।
পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে আগে থেকেই সন্দেহ ছিল আলম চৌধুরীর। গত রোববার রাতে আলম তার দোকানে ব্যস্ত থাকার সুযোগে জাহাঙ্গীর গোপনে রিনির ঘরে প্রবেশ করেন। রাত আনুমানিক ৯টার দিকে আলম বাড়িতে ফিরে তাঁদের আপত্তিকর অবস্থায় দেখতে পান।
ঘটনাটি জানাজানি হলে রিনি বেগম স্বামীর সঙ্গে সংসার করতে অনিচ্ছা প্রকাশ করেন এবং প্রেমিক জাহাঙ্গীর আলমের সঙ্গে থাকার ইচ্ছা জানান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আলম চৌধুরী ৫ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে তাঁদের বিয়ে সম্পন্ন করেন।
স্থানীয় কয়েকজন জানান, বিয়ের পর একই রাতে আলম নিজেই নবদম্পতিকে লক্ষ্মীপুরগামী একটি বাসে তুলে দেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের কেউ আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।