শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা সৃষ্টির মানসিকতা ও ব্যবসায়িক দক্ষতা বিকাশের লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলে (আইকিউএসি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, চাকরির পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের মাঝে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি নিজেদের জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, তবে তারা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
এছাড়াও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনী শক্তি বৃদ্ধির কথা উল্লেখ করে উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে নোবিপ্রবি। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জন এবং ভবিষ্যতে স্বনির্ভর বাংলাদেশ গঠনে সহযোগিতা করবে।
প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো আব্দুল কাইয়ুম মাসুদ।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে প্রশিক্ষণে আরও বক্তব্য রাখেন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের প্রশাসন অফিসের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহম্মেদ এবং সাধারণ ব্যবস্থাপনা অনুষদের প্রধান অনুষদ সদস্য (ভা.) মো. মোফাজ্জল হোসেন, প্রধান অনুষদ সদস্য মো: শওকত হাসান, সহযোগী অনুষদ সদস্য ও কোর্স সমন্বয়কারী রবীন চন্দ্র রায়।
বিসিকের সার্বিক কার্যক্রমের কথা উল্লেখ করে অধ্যক্ষ মো. ফরহাদ আহমেদ বলেন, সারা বাংলাদেশে কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে প্রান্তিক পর্যায়ে বিসিক উদ্যোক্তা উন্নয়নে কাজ করে। দেশের প্রত্যেকটি জেলায় সর্বনিম্ন একটি করে মোট ৮৪ টি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে আমরা উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক ট্রেনিং প্রদান করে থাকি।
বিসিকের ঋণ সুবিধা ও সফলতার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, শুধু ট্রেনিং প্রদান করেই আমরা ক্ষান্ত থাকি না, এই প্রশিক্ষণ নিয়ে তারা যাতে অর্থের অভাবে না পরে সেই জন্য বিসিক ট্রেনিং ইনস্টিটিউট ৫ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করে থাকে। আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে স্কয়ার, হ্যামকো ব্যাটারি ও আরো অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
উল্লেখ্য, ব্যবসায় শিক্ষা অনুষদের বিবিএ চতুর্থ বর্ষ ও এমবিএ শিক্ষার্থীদের নিয়ে ৫ দিন ব্যাপি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।