রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার রাজনৈতিক জীবনের এক বিরল ও ঐহাসিক ছবি নতুন করে আলোচনায় এসেছে।
ছবিটি এরশাদবিরোধী আন্দোলনের সময়কার যখন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মিছিলে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এই মহীয়সী নারী।
মঙ্গলবার রাতে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এক ফেসবুক পোস্টের মাধ্যমে ছবিটির পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামে শেখ হাসিনার গাড়িবহরে পুলিশের গুলিবর্ষণ ও গণহত্যার প্রতিবাদে এই মিছিলটি বের হয়েছিল। ঐ হামলায় বহু মানুষ হতাহত হন এবং আওয়ামী লীগের পক্ষ থেকে একে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হিসেবে অভিহিত করা হয়।
ঘটনার প্রতিবাদে ২৬ জানুয়ারি ঢাকার শহীদ মিনারে তৎকালীন ৮ দলীয় জোট বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। এ কে এম ওয়াহিদুজ্জামান জানান সেই সমাবেশে শেখ হাসিনা উপস্থিত না থাকলেও সবাইকে অবাক করে দিয়ে যোগ দিয়েছিলেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া।
তিনি স্বৈরাচারী এরশাদ সরকারের এই নৃশংস হামলার প্রতিবাদে সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিলে সম্মুখভাগে থেকে নেতৃত্ব দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই ছবিটি মূলত সেই ঐতিহাসিক মুহূর্তের যখন গণতন্ত্র ও অধিকার রক্ষার লড়াইয়ে রাজনৈতিক মতপার্থক্য ভুলে অদম্য সাহসের পরিচয় দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুর পর এই ছবিটি এখন দেশপ্রেম ও রাজনৈতিক মহানুভবতার এক অনন্য দলিল হিসেবে ভাসছে মানুষের ওয়ালে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।