বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
মোঃ শিহাব উদ্দিন | গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ শহরে পরপর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৮টা ১০ মিনিট থেকে ৮টা ২৮ মিনিটের মধ্যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রথম দফায় সন্ধ্যা আনুমানিক ৮টা ১০ থেকে ৮টা ১৫ মিনিটের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দেয়াল সংলগ্ন এলাকা এবং লঞ্চঘাট সংলগ্ন স্থানে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।
এর কিছুক্ষণ পর, সন্ধ্যা আনুমানিক ৮টা ২০ মিনিটে শহরের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান বীণাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশেও আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সর্বশেষ রাত ৮টা ২৮ মিনিটে আমেনা স্কুল প্রাঙ্গণে আরও একটি ককটেল বিস্ফোরিত হয়।
হঠাৎ একের পর এক বিস্ফোরণের শব্দে পুরো এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ দিকবিদিক ছুটোছুটি শুরু করে এবং নিরাপত্তার আশঙ্কায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো দ্রুত বন্ধ হয়ে যায়। তবে প্রাথমিকভাবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল জোরদার করেছে। একই সঙ্গে বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পরপর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ধরনের ঘটনায় শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।