মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:।
পৌরসভার অনুমোদিত নকশা অমান্য করে রাস্তার ওপর ইমারতের অংশ বর্ধিত করে নির্মাণ করায় এক বাসিন্দাকে ৭ দিনের মধ্যে অবৈধ অংশ ভেঙে অপসারণের নির্দেশ দিয়েছে গোপালগঞ্জ পৌরসভা।
নোটিশপ্রাপ্ত ব্যক্তি হলেন— পারভীন (স্বামী: ইলিয়াস হোসেন)। তার ঠিকানা মেডিকেল কলেজ রোড বাইলেন, ওয়ার্ড নং–১২, গোপালগঞ্জ পৌরসভা। নোটিশটি প্রযত্নে পাঠানো হয়েছে রেন্টু মিয়া বরাবর।
পৌরসভা সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ব্যক্তি আবাসিক ইমারত নির্মাণের জন্য পৌরসভা থেকে অনুমোদন গ্রহণ করলেও পরবর্তীতে অনুমোদিত সাইট প্লান অমান্য করে রাস্তার ওপর ইমারতের অংশ সম্প্রসারণ করে নির্মাণ কাজ চালিয়ে যান। যা স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর দ্বিতীয় তফসিলের ৩৫ ও ৩৬ ধারা এবং চতুর্থ তফসিলের ধারা ১০৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।
পৌরসভার জারি করা নোটিশে উল্লেখ করা হয়, পূর্বে স্মারক নম্বর গোঃপোঃ/প্র:বি:/২০২৫-২০২৬/৭১২/৩, তারিখ ২৯/০১/২০২৬ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিকে অবৈধ অংশ অপসারণের জন্য নির্দেশ দেওয়া হলেও তিনি তা বাস্তবায়ন করেননি।
নোটিশে আরও বলা হয়, অবিলম্বে নির্মাণ কাজ বন্ধ রেখে আগামী ৭ (সাত) দিনের মধ্যে রাস্তার ওপর নির্মিত বর্ধিত অংশ ভেঙে অপসারণ করে অনুমোদিত নকশা অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে। অন্যথায়, আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওয়ার্ড নং–১২ ও আশপাশের এলাকায় রাস্তার ওপর অবৈধ নির্মাণের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং জনদুর্ভোগ বাড়ছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।এ ব্যাপারে রেন্টু মিয়ার কাছে জানতে চাইলে, তিনি জানান এটা ভুয়া এবং ভিত্তিহীন, আমি আমার নিজ জায়গায় অবকাঠামো তৈরি করেছি এটা আমার দলিলকৃত সম্পত্তি।
এ বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষ জানায়, শহরের শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। ভবিষ্যতেও পৌর এলাকায় অনুমোদনবিহীন ও বিধি বহির্ভূত নির্মাণের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com