মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে ১৮টি জেলার ১০৮টি উপজেলায় ৬২টি সংসদীয় আসনে ১৮৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে গোপালগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এসব তথ্য জানান।
তিনি জানান, দক্ষিণ-পশ্চিম রিজিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় ৯৩টি অস্থায়ী বেজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তাদের আওতাধীন ৩টি জেলার ১১টি সংসদীয় আসনে ৩১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে। এর মধ্যে গোপালগঞ্জ জেলায় ৮ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনকালীন নিরাপত্তার দায়িত্বে রয়েছে।
লিখিত বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত নিরাপদ রেখেই সারাদেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্যকে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে ড্রোন, বডি ওর্ন ক্যামেরা এবং কে-নাইন (K-9) ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।
তিনি আরও জানান, সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বয়ে নিয়মিত রোবাস্ট পেট্রোল পরিচালনা করা হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স ফোর্স (QRF), র্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহারের প্রস্তুতিও রাখা হয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ জানায়, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা, নাশকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে দেওয়া হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনই বাহিনীর প্রধান লক্ষ্য।

নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com