বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার, (মৌলভীবাজার):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা-এর এসিল্যান্ড অফিসে নামজারী সংক্রান্ত মিসকেস নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা ও দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে প্রধান সহকারী সিতু বকসের বিরুদ্ধে। এতে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় সাধারণ জনগণ।
ভুক্তভোগীদের অভিযোগ, মাসের পর মাস অতিবাহিত হলেও মিসকেসের শুনানির কোনো অগ্রগতি নেই, এমনকি সময়মতো নোটিশও দেওয়া হচ্ছে না। ফলে গুরুত্বপূর্ণ জমি সংক্রান্ত কার্যক্রম ঝুলে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সেবা নিতে আসা মানুষদের।
ভুক্তভোগী জুয়েল মিয়া জানান, তিনি ২০২৫ সালের আগস্ট মাসে বিদেশে যাওয়ার আগে একটি মিসকেস দাখিল করে তফসিল রিপোর্ট সংগ্রহ করেন। সংশ্লিষ্ট অফিস থেকে তাকে আশ্বাস দেওয়া হয় এক মাসের মধ্যেই শুনানির নোটিশ দেওয়া হবে। কিন্তু দীর্ঘ ৯ মাস পার হলেও এখন পর্যন্ত কোনো নোটিশ দেওয়া হয়নি। এ সময়ের মধ্যে একাধিকবার যোগাযোগ করলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তার।
অপর ভুক্তভোগী আনিস মিয়া বলেন, নামজারী করতে গিয়ে তিনি জানতে পারেন পূর্বের মালিকের ভুলের কারণে আলাদা খতিয়ান তৈরি হয়েছে। এ সমস্যার সমাধানে মিসকেস দাখিল করে তফসিল রিপোর্ট আনার পরও বারবার অফিসে যোগাযোগ করেও কোনো শুনানির তারিখ পাননি।
অভিযোগ রয়েছে, প্রধান সহকারী সিতু বকস দায়িত্ব পালনের সময় সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং প্রশ্নের জবাবে অস্পষ্ট ও বিরূপ প্রতিক্রিয়া দেন। এছাড়া অফিস চলাকালীন সময়েও তাকে প্রায়ই সিগারেট খাওয়ার অজুহাতে বাইরে যেতে দেখা যায়, যার ফলে সেবা নিতে আসা লোকজনকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। নামাজের সময় স্বল্প হলেও তাকে অনেক সময় ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত অনুপস্থিত থাকতে দেখা যায় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত মিসকেস নিষ্পত্তি এবং সেবার মান উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।