মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান চ্যালেঞ্জ। এ জন্য সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের কোনো বিকল্প নেই।
শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) বিকেলে গোপালগঞ্জ পুলিশ লাইনস ড্রিল শেডে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে দুপুরে গোপালগঞ্জ পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে আইজিপিকে উষ্ণ অভ্যর্থনা জানান জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গোপালগঞ্জসহ ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, সদস্য এবং সিভিল স্টাফ অংশ নেন।
সভায় মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় সম্মুখীন হওয়া নানা প্রতিবন্ধকতা, পেশাগত সমস্যা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয় তুলে ধরেন পুলিশ সদস্যরা। আইজিপি মনোযোগ দিয়ে তাঁদের বক্তব্য শোনেন এবং ধাপে ধাপে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন, পুলিশের সঙ্গে জনগণের সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করতে হবে। একই সঙ্গে বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সবাইকে দায়িত্বশীল আচরণ করার নির্দেশনা দেন তিনি।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2026 dainikparibarton.com