মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০২:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের দাবি না তুলে বরং প্রকৃত অপরাধী ও দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব মোঃ ইয়ারুল ইসলাম।
এক বিবৃতিতে তিনি বলেন, একটি প্রতিষ্ঠানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তবে একটি প্রতিষ্ঠানের কিছু ব্যক্তির ভুল বা অবহেলার কারণে পুরো প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলে সেখানে কর্মরত হাজার হাজার চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমজীবী মানুষ ক্ষতিগ্রস্ত হবেন এবং অনেক পরিবার জীবিকার সংকটে পড়বে।
তিনি বলেন, আদ্-দ্বীন হাসপাতাল দীর্ঘদিন ধরে স্বল্প খরচে সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রদান করে আসছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফলে কোনো ঘটনার তদন্ত ও বিচার হওয়া উচিত, কিন্তু জনস্বার্থে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ব্যাহত করা সমাধান হতে পারে না।
সম্প্রতি হাসপাতালটিতে নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি বিভিন্ন অব্যবস্থাপনা ও অবহেলার বিষয় চিহ্নিত করেছে। হাসপাতাল কর্তৃপক্ষও অভ্যন্তরীণ তদন্তের পর দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করেছে এবং সেবার মান উন্নয়নের আশ্বাস দিয়েছে। ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের পক্ষ থেকেও হাসপাতাল বন্ধ না করে দায়ীদের শাস্তির দাবি জানানো হয়েছে।
ইয়ারুল ইসলাম বলেন, “মানুষের জীবন নিয়ে অবহেলার কোনো সুযোগ নেই। যারা দায়িত্বে অবহেলা করেছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে হাসপাতালের অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যবিধি ও চিকিৎসা সেবার মান আরও উন্নত করতে হবে।”
তিনি আরও বলেন, স্বাস্থ্যখাতে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে তদন্ত প্রতিবেদন প্রকাশ, দায়ীদের বিচার এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর সংস্কার নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের স্বল্প ব্যয়ী চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস না করে জবাবদিহিতার আওতায় এনে আরও শক্তিশালী করা প্রয়োজন।
বাংলাদেশ কংগ্রেসের এই নেতা বলেন, “অপরাধের শাস্তি হোক, কিন্তু জনগণের চিকিৎসাসেবা বন্ধ করা নয়। ন্যায়বিচার ও জনস্বার্থ—দুটিই সমানভাবে নিশ্চিত করতে হবে।”
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।